Call Us Now: +8802 41022752, 41022753, 41022754, 41022755

Email: info@campebd.org;  hr@campebd.org;  ps_ed@campebd.org

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন ও উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন ও উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ সেপ্টেম্বর ২০২৬ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভা ও ‘উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা ২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, এম.পি.
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মনোয়ারা ইশরাত এবং ইউনেস্কোর প্রতিনিধি শিরিন আক্তার । অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম ও অর্জন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
দেশে সাক্ষরতা ও উপানুষ্ঠানিক শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসা গণসাক্ষরতা অভিযান (CAMPE)-এর নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইউনেস্কো ও ইউনিসেফের প্রতিনিধিবৃন্দ, এনইপি ও ডিপিই-এর মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা ২০২৬’ প্রদান । এ বছর সংস্থা ক্যাটাগরিতে বেসরকারি সংস্থা ‘ সুরভি’ এবং ব্যক্তি ক্যাটাগরিতে ঠাকুরগাঁওয়ের মোঃ সোলায়মান আলী- কে এই সম্মাননায় ভূষিত করা হয়।
আলোচনা সভায় বক্তারা সাক্ষরতার গুরুত্ব, আজীবন শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নে উপানুষ্ঠানিক শিক্ষার ভূমিকা তুলে ধরেন। তাঁরা দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।